
রোববার (১৪ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কালিতলা এলাকার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) ও মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মায়া (রূপক নাম) (১৫) সঙ্গে গত প্রায় এক সপ্তাহ আগে কালিতলার আনারুলের ছেলে তামিম ইসলামের পরিচয় হয়। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে মায়াকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে, রাত তিনটার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং অভিযুক্ত তিনজনকে আটক করে।
রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে মেয়েটিকে ওই গুদাম থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন পুলিশ সদস্যরা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।