প্রিন্ট এর তারিখঃ Feb 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
উপদেষ্টা পরিষদে ‘গণভোট অধ্যাদেশ–২০২৫’ অনুমোদন
জাগরণ বিডি নিউজ ডেস্ক:
গণভোট অধ্যাদেশ–২০২৫-এর খসড়া নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী ৩–৪ কার্যদিবসের মধ্যেই ‘গণভোট আইন’ প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণামতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।
গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই একই দিনে গণভোটও আয়োজন করা হবে। তার বক্তব্যে আরও বলা হয়—
“আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্যে কোনো বাধা সৃষ্টি হবে না; বরং নির্বাচন হবে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী। গণভোট আয়োজনের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।”
গণভোটের দিন চারটি বিষয়ের ওপর ভিত্তি করে একটি মাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাতে পারবেন।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫